খুলনায় বাসায় ঢুকে দুর্বৃত্তদের গুলি, নারী আহত

প্রকাশিত: August 10, 2026

  • শেয়ার করুন

খুলনা :

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় বাসায় ঢুকে দুর্বৃত্তদের গুলিতে শিমুল (৪০) নামে এক নারী আহত হয়েছেন। তার কোমরে গুলি লেগেছে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চার থেকে পাঁচজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে শিমুলের বাসায় প্রবেশ করে হৃদয় নামে এক যুবককে খুঁজতে থাকে। একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে শিমুলের কোমরে গুলি লাগে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

  • শেয়ার করুন