পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু ‘অভিযাত্রী কমিউটার’

প্রকাশিত: August 11, 2026

  • শেয়ার করুন
পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হয়েছে ‘অভিযাত্রী কমিউটার’ নামে এক জোড়া নতুন কমিউটার ট্রেন। এর ফলে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের ঢাকায় যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকা রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে ট্রেনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপদ, সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব রেলসেবা সম্প্রসারণের অংশ হিসেবে নতুন এ কমিউটার ট্রেন চালু করা হয়েছে। পর্যাপ্ত যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দক্ষ সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যেই ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেনটি চালু করা হয়েছে বলে জানানো হয়।

নতুন এ ট্রেনের মাধ্যমে গোপালগঞ্জ ও মধ্যবর্তী এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা স্বল্প ব্যয়ে প্রতিদিন ঢাকায় যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে কর্মদিবস শেষে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার সুযোগ থাকায় রাজধানীমুখী স্থায়ী আবাসনের প্রবণতা কমাতে এটি ভূমিকা রাখবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

এ ছাড়া গোপালগঞ্জ ও আশপাশের এলাকার শাকসবজি, কৃষিপণ্য, মাছসহ স্থানীয় উৎপাদিত বিভিন্ন পণ্য দ্রুত ও তুলনামূলক কম খরচে ঢাকার বাজারে পরিবহনের সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হওয়ার পাশাপাশি উৎপাদক ও ভোক্তা উভয়ই উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৩৫ নম্বর অভিযাত্রী কমিউটার ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। অপরদিকে ১৩৬ নম্বর ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ট্রেনটিতে মোট ৮টি কোচ রয়েছে এবং আসন সংখ্যা ৬৩০টি। ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ১৪৮ কিলোমিটার রুটে মোট সাতটি স্টেশনে যাত্রাবিরতি থাকবে। স্টেশনগুলো হলো—কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন।

ট্রেনটির সাপ্তাহিক বন্ধ শনিবার

এদিকে প্রথম যাত্রায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী যাত্রীদের সঙ্গে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।

নতুন এই রেলসেবা চালুর ফলে পদ্মা সেতু হয়ে ঢাকা ও গোপালগঞ্জের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • শেয়ার করুন