খুলনার রূপসা উপজেলার নৈহাটিতে একটি ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার দুটি কন্যাসন্তান রয়েছে।
স্বজনদের ভাষ্য, ইটভাটাটি ফখরুলদের মালিকানাধীন। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন।
ঘটনার রাতে ফখরুল ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে রাত ১টা ১১ মিনিটের দিকে তার গুলিবিদ্ধ হওয়ার খবর পান মেজ ভাই ফরহাদ শেখ।
খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।