মাদ্রাসার বন্ধ কক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: August 12, 2026

  • শেয়ার করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশ্চিম গোপীনাথপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষ থেকে হুসাইন কাজী নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত হুসাইন কাজী উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ণ গ্রামের পলাশ কাজীর ছেলে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, আসরের নামাজ শেষে শিক্ষার্থীরা বাইরে খেলাধুলা করছিলেন। এ সময় শিক্ষকরা মাদ্রাসার বাইরে ছিলেন। এক অভিভাবক তার সন্তানের পোশাক নিতে দোতলার একটি কক্ষে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে তিনি হুসাইনকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় একটি ট্রাঙ্কের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। বিষয়টি দেখে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, কক্ষটির দুটি দরজাই ভেতর থেকে বন্ধ। দরজা খোলার চেষ্টা ব্যর্থ হলে একটি জানালার গ্রিল কেটে ফায়ার সার্ভিসের সদস্যরা কক্ষে প্রবেশ করেন। পরে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মকর্তা লিডার রেজাউল করিম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন এবং মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • শেয়ার করুন