সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো

প্রকাশিত: August 12, 2026

  • শেয়ার করুন

ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯টি বিস্ফোরক ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় এর আগে আরিফ হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে পাঁচটি বিস্ফোরকসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) হেমায়েতপুর এলাকা থেকে আরিফকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর প্রাইমারি স্কুলের পেছনে আব্দুল জলিলের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), বোমা ডিসপোজাল ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আরিফের কাছ থেকে পাঁচটি বিস্ফোরক, একটি ব্যাগ, চাকু ও লাইটার উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে একই ধরনের আরও নয়টি বিস্ফোরক, বিপুল পরিমাণ গানপাউডার এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় তদন্তের মাধ্যমে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে আরিফ হোসেনকে আটক করা হয়েছে। অপরজনকে নাজমুল হাসান ওরফে ‘বোমারু মামুন’ হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, চলতি মাসের ১ তারিখে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে বিস্ফোরক মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানে কিছু লিফলেট, ককটেলসদৃশ বস্তু এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে একটি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার পাশাপাশি ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

তবে ঘটনাটি কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, সে বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

  • শেয়ার করুন