গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক

প্রকাশিত: August 12, 2026

  • শেয়ার করুন

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) রুস্তম আলীকে এক নারীসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তার বাসভবন থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নেওয়া হয়েছে।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে সহকারী পরিচালক রুস্তম আলীর দূরসম্পর্কের শ্যালিকা বলে জানা গেছে। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়।

তিনি আরও বলেন, সরকারি পাসপোর্ট অফিসের মতো একটি প্রতিষ্ঠানে গভীর রাতে লোকজনের উপস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তার স্বার্থে তাদের রাত আড়াইটার দিকে থানায় নেওয়া হয়।

তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

  • শেয়ার করুন