ঢাকার সড়কে আসছে ২০০ ইলেকট্রিক বাস, তিন মাসের মধ্যেই চালুর পরিকল্পনা
প্রকাশিত: August 13, 2026
শেয়ার করুন
ঢাকার সড়কে আসছে ২০০ ইলেকট্রিক বাস, তিন মাসের মধ্যেই চালুর পরিকল্পনা
প্রকাশিত:
ঢাকা:
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার বৈদ্যুতিক বাসের যুগে প্রবেশের পথে বাংলাদেশ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী তিন মাসের মধ্যেই ঢাকার সড়কে নামতে পারে ২০০টি ইলেকট্রিক বাস। এর মধ্যে ৫০টি বাস নারীদের জন্য নির্ধারিত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রাজধানীর গণপরিবহনে দীর্ঘদিনের অনিয়ম, বিশৃঙ্খলা ও পুরোনো বাসের কারণে যাত্রীদের দুর্ভোগ কমাতে নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, দ্রুত বাস সংগ্রহের পাশাপাশি চার্জিং স্টেশন, সার্ভিসিং সেন্টার ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।
সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রচলিত প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় নতুন বাস আনতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। তাই দ্রুত বাস সংগ্রহের জন্য ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড অনুসরণ করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তিন মাসের মধ্যে ঢাকার সড়কে ইলেকট্রিক বাস দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একই সময়ের মধ্যে বাস পরিচালনার জন্য প্রয়োজনীয় চার্জিং স্টেশন, সার্ভিসিং স্টেশন ও জনবল প্রশিক্ষণের কাজও এগিয়ে নেওয়া হবে বলে জানান মন্ত্রী। ইলেকট্রিক বাস পরিচালনার অভিজ্ঞ জনবল না থাকায় চালক ও কারিগরি কর্মীদের প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে নতুন ব্যবস্থায় বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা পাওয়া যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী। তিনি বলেন, একই রুটে একাধিক মালিকানার বাস চলাচলের পরিবর্তে কোম্পানিভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ২০ বছরের বেশি পুরোনো বাসকে ফিটনেস না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।
তবে সরকারের তিন মাসের সময়সীমা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবহন বিশেষজ্ঞরা। তাদের মতে, শুধু বাস কিনে সড়কে নামালেই ইলেকট্রিক গণপরিবহন সফল হবে না। এর সঙ্গে চার্জিং অবকাঠামো, রক্ষণাবেক্ষণ, দক্ষ জনবল এবং সুশৃঙ্খল রুট ব্যবস্থাপনাসহ পুরো একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে।
বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান বলেন, ইলেকট্রিক বাস চালুর আগে চালক, টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। একই সঙ্গে শুধু বাস কেনার পরিবর্তে পুরো ইলেকট্রিক বাস ইকোসিস্টেমের জন্য মাস্টারপ্ল্যান তৈরি করা প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার বিদ্যমান বিশৃঙ্খল বাস নেটওয়ার্ককে শৃঙ্খলার মধ্যে না আনলে আধুনিক ইলেকট্রিক বাস চালু করেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হতে পারে। তাই পরিবেশবান্ধব এই উদ্যোগের পাশাপাশি রুট ব্যবস্থাপনা ও গণপরিবহন খাতে দীর্ঘমেয়াদি সংস্কারকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।