নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন পোশাক শ্রমিক আব্দুস সামাদ ওরফে খোকন সরকার (৫৪)। স্বামীর মৃত্যুর মাত্র ছয় ঘণ্টা পর একই ঘটনায় দগ্ধ স্ত্রী ফজিলত বেগমের (৪০)ও মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকালে খোকন সরকারের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর কয়েক ঘণ্টা পর বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজিলত বেগম।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে স্বামীর কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে। স্বামীকে শেষ বিদায় জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রীর মৃত্যুর খবর আসায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।
নিহত খোকন সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীকান্দি গ্রামের মৃত আব্দুল গফুরের দ্বিতীয় ছেলে। তার স্ত্রী ফজিলত বেগম পাশের উজানীজোড়া গ্রামের নানু মিয়া খন্দকারের মেয়ে।
খোকন সরকার ও ফজিলত বেগম দুজনই নারায়ণগঞ্জের মদনপুর এলাকার জাহীন গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের দুই সন্তান—ইউসুফ সরকার (২০) ও খাদিজা আক্তার (১৮)। দুর্ঘটনার সময় সন্তানরা গ্রামের বাড়িতে ছিলেন বলে জানা গেছে।
একই ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোকের মাতম। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনকে হারিয়ে স্বজনরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।