প্রকাশিত: August 13, 2026
সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লায় উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু (৪৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অরিন্দম চৌধুরী অপু উপজেলার বাহাড়া ইউনিয়নের নাইন্দ্যা গ্রামের মৃত অনিল চৌধুরীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাল্লা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক, উপজেলা যুবলীগের নেতা এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরে অরিন্দম চৌধুরী অপুকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫(ডি) ধারায় দায়ের করা মামলায় আসামি করা হয়। গ্রেপ্তারের পর তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী বলেন, আগামী ১৫ আগস্ট উপলক্ষে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিভিন্ন ধরনের কার্যক্রমের পাঁয়তারা করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অরিন্দম চৌধুরী অপুকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে শাল্লায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।