মাদক কারবারির সঙ্গে যোগাযোগ:  ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

প্রকাশিত: August 13, 2026

  • শেয়ার করুন

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক কারবারির সঙ্গে যোগাযোগ ও অর্থ লেনদেনের অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আ. হাই চৌধুরী

তিনি জানান, প্রাথমিক তদন্তে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বরখাস্ত হওয়া ৫ পুলিশ সদস্য

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—

  • উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন
  • সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ
  • কনস্টেবল শরিফ উদ্দিন
  • কনস্টেবল ইসতিয়াক
  • গাড়িচালক নজরুল ইসলাম

যেভাবে সামনে আসে অভিযোগ

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই শাহরাস্তি উপজেলার আয়নাতলী এলাকায় স্থানীয়দের হাতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি আটক হন। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথোপকথন, হোয়াটসঅ্যাপ চ্যাট, ভয়েস ক্লিপ এবং অর্থ লেনদেনসংক্রান্ত তথ্য পাওয়ার দাবি করেন স্থানীয়রা।

এরপর বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করে।

গত ৩০ জুলাই কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আ. হাই চৌধুরী জানিয়েছিলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।

তদন্ত চলাকালে এএসআই শহীদ উল্লাহকে ৩ আগস্ট এবং কনস্টেবল শরিফ উদ্দিনকে ৫ আগস্ট কুমিল্লায় বদলি করা হয়।

পরবর্তী সময়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা মো. আ. হাই চৌধুরী জানান, চূড়ান্ত তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • শেয়ার করুন