প্রকাশিত: August 15, 2026
ঢাকা: রাজধানীর এয়ারপোর্ট এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
অভিযানে ডাকাতির টাকার একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে ডিবি।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, গত রোববার এয়ারপোর্ট এলাকার ওই ফিলিং স্টেশন থেকে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শুরু করে ডিবি।
তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির টাকার বড় একটি অংশ উদ্ধারের পাশাপাশি ঘটনায় ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আলোচিত ডাকাতির মামলার তদন্তের অগ্রগতি এবং গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতেই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডাকাতির ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কত টাকা উদ্ধার হয়েছে এবং জব্দ করা অস্ত্র-সরঞ্জামের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছে ডিএমপি।