প্রকাশিত: August 15, 2026
মানিকগঞ্জ প্রতিনিধি: পূর্বশত্রুতার জেরে অন্য এক ব্যক্তিকে অস্ত্র মামলায় ফাঁসানোর পরিকল্পনা করে শেষ পর্যন্ত নিজেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মানিকগঞ্জের সদর উপজেলার দিনা ওরফে দিদার (৪০)। অন্যের বাড়ির পাশে মাটির নিচে দুটি পাইপগান পুঁতে রেখে পুলিশকে খবর দেওয়ার পর অস্ত্র উদ্ধারের পাশাপাশি তাকেও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো।
গ্রেপ্তার দিনা ওরফে দিদার সদর উপজেলার বরাই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার সহযোগী স্বাধীন (৪০) পলাতক রয়েছেন।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযানিক দল অবস্থান করছিল। এ সময় দিনা পুলিশকে খবর দেন, সদর উপজেলার বরাই গ্রামের রামপ্রসাদ ঘোষের বাড়িতে দুটি পাইপগান রয়েছে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে দিনাকে সঙ্গে নিয়ে রামপ্রসাদ ঘোষের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও অস্ত্রের সন্ধান পাওয়া যাচ্ছিল না।
একপর্যায়ে দিনা নিজেই বাড়ির উত্তর পাশে টয়লেটের পেছনে সেপটিক ট্যাংকের পাশে মাটিতে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ বের করে দেন। পরে ব্যাগের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি পাইপগান উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের পর পুলিশের সন্দেহ হয় দিনার ওপর। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে বলে দাবি পুলিশের।
পুলিশের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে রামপ্রসাদ ঘোষকে অস্ত্র মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে দিনা ও তার সহযোগী স্বাধীন পরিকল্পিতভাবে দুটি পাইপগান সেখানে পুঁতে রেখেছিলেন। এরপর তারাই পুলিশকে খবর দিয়ে অস্ত্র উদ্ধারের নাটক সাজান।
পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে রাত ৪টা ৪০ মিনিটে দিনা ওরফে দিদারকে আটক করে ডিবি পুলিশ।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী স্বাধীনকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হলেও তিনি পলাতক রয়েছেন।
পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, অবৈধ অস্ত্র রাখা এবং পূর্বপরিকল্পিতভাবে মিথ্যা তথ্য দিয়ে অন্য ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দিনা ওরফে দিদার ও স্বাধীনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
পলাতক আসামি স্বাধীনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।