নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশিত: August 15, 2026

  • শেয়ার করুন
মাদারীপুর :
মাদারীপুরের শিবচরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আতিকা আক্তার (১৩) ও জান্নাত আক্তার (১৪) নামে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবিবা আক্তার (১২) নামে আরও এক কিশোরী আহত হয়েছে। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ৩টার দিকে শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আতিকা আক্তার উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা গ্রামের ফারুক ফরাজির মেয়ে। সে ঢাকার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

অপর নিহত জান্নাত আক্তার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হকের মেয়ে। সে স্থানীয় পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

যেভাবে দুর্ঘটনা

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা থেকে বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যায় আতিকা। পরে সে আরও দুই খালাতো বোনকে নিয়ে নানাবাড়িতে বেড়াতে যায়।

শনিবার বিকেল ৩টার দিকে তিন কিশোরী একসঙ্গে নানাবাড়ির পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা তিনজনই পানিতে ডুবে যায়।

বিষয়টি দেখতে পেয়ে একজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা তিন কিশোরীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আতিকা ও জান্নাতকে মৃত ঘোষণা করেন। অপর কিশোরী লাবিবাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ খান বলেন, বিকেলে পানিতে ডুবে যাওয়া তিন কিশোরীকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অপর একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

তিনি জানান, হাসপাতালে ভর্তি থাকা লাবিবার বর্তমান অবস্থা ভালো।

দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় শোক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

  • শেয়ার করুন