সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন

পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি ঝালকাঠির সাহাবাঙ্গল গ্রামের মো. রাসেল সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক যুবদল নেতা সোবহান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ—দুজনই মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত। দুজনই কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিনের বিরোধের জেরে শনিবার রাতে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয়দের দাবি, সংঘর্ষের সময় কাপড় কাটার কাঁচি দিয়ে বুকে আঘাত করা হলে মিতুল গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে মিতুলের স্বজনসহ প্রায় ৮০ থেকে ১০০ জন মিটফোর্ড হাসপাতালে অবস্থান করছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন।

ঘটনার বিষয়ে সুমন ভূঁইয়া বলেন, তারা তার সমর্থক নন, তবে বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশ নেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি বিস্তারিত জানেন না বলেও জানান।

সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান বলেন, নিহত মিতুল কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা পুলিশ এখনো নিশ্চিত হয়নি। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাতের ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মিতুলের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

  • শেয়ার করুন