কালিগঞ্জে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলা, আহত ১

প্রকাশিত: August 16, 2026

  • শেয়ার করুন
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ হামলা হয়।

স্থানীয় ও দলীয় সূত্রের দাবি, দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে পরপর চারটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হলে বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে একজন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি নেতারা ঘটনাটিকে পরিকল্পিত হামলা দাবি করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনার তদন্ত চলছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • শেয়ার করুন