প্রকাশিত: August 17, 2026
রাঙ্গামাটির লংগদু উপজেলায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে কাপ্তাই হ্রদে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় মো. সালাম (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিজের চার বছর বয়সী সন্তানকে রক্ষা করতে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, মাইনী বাজার থেকে নৌকাযোগে বাড়ির দিকে ফিরছিলেন সালাম। পথে হঠাৎ ঝড় শুরু হলে কাপ্তাই হ্রদে প্রচণ্ড ঢেউ ওঠে এবং একপর্যায়ে নৌকাটি ডুবে যায়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, শিশুটির পেটে পানি ঢুকে যাওয়ায় হাসপাতালে নেওয়ার পর কিছুটা শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তার অবস্থা ভালো।