ফরিদপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তার

প্রকাশিত: August 17, 2026

  • শেয়ার করুন

ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে শহরের ২ নম্বর কুঠিবাড়ি গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতবাড়ির সামনের গলি থেকে মেহেরুন্নেসা বৃষ্টিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা জরিমানা করেন।

রায়ের পর আদালতের নির্দেশনা অনুযায়ী সাজা কার্যকর করতে মেহেরুন্নেসা বৃষ্টিকে কারাগারে পাঠানো হয়েছে।

  • শেয়ার করুন