প্রকাশিত: August 17, 2026
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী মহাবিদ্যালয়ের এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে সাময়িক বরখাস্তের আগে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়নি বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
সাময়িক বরখাস্ত হওয়া সোহেলী আক্তার নন্দনগাছী মহাবিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। গত শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড পোস্ট করেন তিনি। ফটোকার্ডে বঙ্গবন্ধুর ছবি এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি’ লেখা ছিল। ক্যাপশনে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা’।
তবে কারণ দর্শানোর নোটিশ না দিয়েই কীভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হলো- এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ কোনো মন্তব্য করেননি। অন্যদিকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানেন না বলে দাবি করেছেন সোহেলী আক্তার। তিনি বলেন, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটা আমি জানি না। সাংবাদিকরা ফোন করার পর জানতে পেরেছি। আমার কী দোষ, সেটাও তো জানি না। এ বিষয়ে আমার কিছু বলার নেই। তিনি আরও জানান, রোববার তিনি কলেজে গিয়েছিলেন। সোমবারের জন্য মৌখিকভাবে ছুটি নিয়েছেন।
কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বসে সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্ত করেছি।’
তবে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়নি বলে স্বীকার করেন তিনি। সাইফুল ইসলাম বলেন, ‘এটা দেয়া হয়নি। তবে তার আরও দোষ আছে।’ সেই দোষগুলো ব্যবস্থাপনা পর্ষদের সভার রেজুলেশনে উল্লেখ করা হয়েছে কি না-জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।