প্রকাশিত: August 17, 2026
কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে জেলা ডিবি পুলিশ। এ ঘটনায় ফয়সাল হোসেন ও আমান উল্লাহ নামে দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
জেলা ডিবির ওসি মো. শামসুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো ইয়াবার বড় চালান উদ্ধার করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ইয়াবাসহ আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেয়া হচ্ছিল, জিজ্ঞাসাবাদ শেষে সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত আছে। কোনো অবস্থাতেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না। এর নেপথ্যে কারা জড়িত রয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।
এসময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পংকজ বড়ুয়াসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।