কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল রেকর্ড ১ কোটি ৩ লাখ টাকা

প্রকাশিত: August 18, 2026

  • শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী খড়মপুর শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) ওরফে শাহ পীর কেল্লা বাবার মাজারের ওরস উপলক্ষে বসানো চারটি দানবাক্স খুলে মিলল নগদ ১ কোটি ৩ লাখ ৩৫১ টাকা। টাকার সঙ্গে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে। মাজারের ইতিহাসে এবারই প্রথম দানবাক্সে প্রাপ্ত অর্থ কোটির ঘর অতিক্রম করল। সাড়ে ১৯ ঘণ্টার দীর্ঘ গণনা শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) পুরো অর্থ সোনালী ব্যাংকে জমা করা হয়েছে।

আখাউড়া উপজেলা প্রশাসন ও মাজার কমিটি সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট সাত দিনব্যাপী এই বার্ষিক ওরস শুরু হয়। ১৪ আগস্ট গভীর রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে প্রধান আনুষ্ঠানিকতা শেষ হলেও ১৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত ওরসের কার্যক্রম চলে। এই সময়জুড়ে দেশ-বিদেশ থেকে আসা লাখো ভক্ত ও আশেকান মাজারের চারটি দানবাক্সে নগদ টাকা, সোনা-রুপা এবং বিভিন্ন দেশের মুদ্রা দান করেন।

সোমবার সকাল ৯টায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাজার পরিচালনা কমিটির সহসভাপতি তাপসী রাবেয়ার নেতৃত্বে দানবাক্সগুলো খোলা হলে ১২ বস্তা টাকা বের হয়। সোনালী ব্যাংক লিমিটেডের প্রায় ৫০ জন কর্মকর্তা এবং মাজারের মাদরাসার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবীর টানা সাড়ে ১৯ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৪টায় গণনা কাজ শেষ হয়। পরবর্তীতে মঙ্গলবারে সংগৃহীত এই বিপুল অর্থ ব্যাংকে জমা দেয়া হয়।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (মিন্টু খাদেম) জানান, ২০২৩ সালে ৮৪ লাখ, ২০২২ সালে ৬৪ লাখ এবং ২০২১ সালে ৬১ লাখ টাকা পাওয়া গিয়েছিল। তবে এবার অতীতের সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো অনুদানের পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মাজারটি প্রায় ৭০০ বছর পুরনো। চারটি দানবাক্সে নগদ টাকার পাশাপাশি সোনা, রুপা ও বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা পাওয়া যায়। এ ছাড়া মাজার প্রাঙ্গণে ভক্তদের দেয়া বিভিন্ন পশুপাখি ও অন্যান্য সামগ্রীর হিসাবও করা হচ্ছে। এসব সামগ্রী মাজার কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।

মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, চারটি দানবাক্সের টাকা গণনা শেষে ১ কোটি ৩ লাখ ৩৫১ টাকা পাওয়া গেছে। দানবাক্সে পাওয়া সোনা, রুপা ও বিদেশি মুদ্রারও হিসাব করা হচ্ছে। সবকিছুর হিসাব-নিকাশ শেষে মাজারের সার্বিক আয়-ব্যয়ের বিষয়টি জানানো হবে।

  • শেয়ার করুন