প্রকাশিত: August 19, 2026
নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ২৪ জন জেলেকে সফলভাবে দেশে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত আনা জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
বিজিবির পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৫ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত আরাকান আর্মি কর্তৃক মোট ৪৩৪ জন জেলে আটক হন, যার মধ্যে ২২২ জন বাংলাদেশি ও ২১২ জন রোহিঙ্গা। বিজিবির তৎপরতায় আজ পর্যন্ত ৩৪৮ জনকে (১৫৭ জন বাংলাদেশি ও ১৯১ জন রোহিঙ্গা) ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে আরাকান আর্মির হেফাজতে এখনও ৮৬ জন (৬৫ বাংলাদেশি ও ২১ রোহিঙ্গা) আটক রয়েছেন, যাদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।