আপনার লাশ ঐ দীঘলি বিলেত ভাসাবো: ভূমি কর্মকর্তাকে আ.লীগ কর্মীর হুমকি

প্রকাশিত: August 19, 2026

  • শেয়ার করুন

নওগাঁয় ভূমি সেবা নিয়ে অসন্তোষের জেরে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোস্তাফিজুর রহমান নামে থানা আওয়ামী লীগের এক কর্মীর বিরুদ্ধে।

ওই কর্মকর্তাকে উদ্দেশ্য করে মোস্তাফিজুর রহমান বলেন, আপনার লাশ আমি দীঘলি বিলের পানিতে ভাসিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে। একই সঙ্গে তিনি কর্মকর্তার চলাচলের ওপর নজর রাখার কথাও বলেন।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের কালিতলা এলাকায় অবস্থিত নওগাঁ পৌরসভা ও চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্য এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে জেলার সব ভূমি অফিসসহ স্থানীয়দের মাঝে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।
এ ঘটনার একটি ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে। ভিডিওতে দেখা যায়, নামজারির নথি হাতে সাদা পাঞ্জাবি ও টুপি পরিহিত অবস্থায় নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগ কর্মী মোস্তাফিজুর রহমান ভূমি অফিসে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম। তাকে দেখেই উত্তেজিত হয়ে পড়েন মোস্তাফিজুর রহমান। ভিডিওতে মোস্তাফিজুর রহমানকে বলতে শোনা যায়, আপনি কেমন করে রানীনগর থেকে দুবলহাটিতে যান সেটা আমি দেখব। কাগজপত্র না দেখে আপনি আমার খারিজ বাতিল করলেন কেনো? এর আগেও একবার বাতিল করেছিলেন। সেটা ফেরত আনতে লেগেছে ১৫ দিন।

জবাবে ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, তিন মাস হলো আইডিতে আছে। দাগ সংশোধন করে নিয়ে আসেন। আমি বলেছি দিয়ে দেবো।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উত্তেজিত হয়ে মোস্তাফিজুর রহমান বলেন, সংশোধন করে নিয়ে আসব, কিন্তু তার আগেই আপনি বাতিল করলেন কেনো? আপনি কি খালি হাতে মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা করেন? আমার ক্ষতি করে যেতে পারবেন? আপনার লাশ দিঘলীর বিলে ভাসিয়ে দেবো। সেটা চ্যালেঞ্জ করলাম। কীভাবে অফিস থেকে বাড়িতে যান সেটি দেখে নেবো।

সরকারি অফিসে ঢুকে একজন কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, এটা হুমকি নয়, সবার সামনে বলছি। আমি এটা করে দেখাব। এরপর আমার যা হবে হবে।

তিনি অভিযোগ করেন, গত ১৮ মে তিনি নিজের একটি জমির নামজারি (খারিজ) করার জন্য আবেদন করেছিলেন। প্রথমে আবেদনটি বাতিল করা হয়, এরপর পুনরায় আবেদন করলেও সেটিও বাতিল হয়। এভাবে তাকে বার বার হয়রানি করেছেন ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম।

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় কর্মী
এ বিষয়ে ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম সাংবাদিকের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, বিষয়টি আপোশ মীমাংসা করা হয়েছে। হুমকিদাতা ওই ব্যক্তি ক্ষমা চেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে নওগাঁয় কর্মরত কয়েকজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বলেন, ভূমি সেবা নিয়ে অসন্তোষ থাকলে অভিযুক্তের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করার সুযোগ ছিল। অথচ সেটি না করে প্রকাশ্যে সবার সামনে অফিসে ঢুকে আমাদের কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়ে গেল। এটা রফাদফা করার আইনগত সুযোগ এসিল্যান্ডের নেই। ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ বলেন, ভূমি অফিসে ঢুকে ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া কোনো ছোটখাটো বিষয় নয়। এ ধরনের ঘটনা আপোশ মীমাংসা সুযোগ সেই। আগামী এক সপ্তাহের মধ্যে এসিল্যান্ড আইনগত পদক্ষেপ না নিলে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

  • শেয়ার করুন