প্রকাশিত: August 20, 2026
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪০ কেজি (এক মণ) গাঁজাসহ সোহাগ প্রকাশ সোহান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজয়নগর থানা পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার সোহাগের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সোহাগ প্রকাশ সোহান কাশিনগর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত চারটি মামলা রয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, বিশেষ অভিযানে এক মণ গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।