প্রকাশিত: August 20, 2026
ভারতের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আরও দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত করা গেছে। তাদের দুজনের বাড়িই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায়।
বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে এলাকায় খবর পৌঁছানোর পর নিহতদের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেন।
নিহতদের একজন আলিমুজ্জামান সাজু (৪৫)। তিনি কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে। পেশায় তিনি ঘের ব্যবসায়ী ছিলেন। অপর নিহত ব্যক্তি একই উপজেলার বাসিন্দা রেবতী সরকার। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নিহত সাজুর নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু জানান, কোমরব্যথার চিকিৎসা নিতে ৫-৬ দিন আগে সাজু ভারতে যান। বুধবার তার বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু রাত ১০টার দিকে স্বজনরা খবর পান, হোটেলে অগ্নিকাণ্ডে তিনি নিহত হয়েছেন।
প্রতিবেশী হাফিজুর রহমান হাফিজ বলেন, প্রায় ৭-৮ বছর আগে হজ পালন করে দেশে ফেরার পর সাজু জানিয়েছিলেন, তিনি আর বিয়ে করবেন না। এরপর থেকেই তিনি অবিবাহিত জীবনযাপন করছিলেন। এলাকায় তিনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
এক বছর আগে সাজুর মা মারা যান। এর আগেই মারা গেছেন তার বাবা। চার ভাইয়ের মধ্যে সাজু ছিলেন সবার ছোট। তার মেঝো ভাই রাজু সরদারও মারা গেছেন। বর্তমানে বড় ভাই সাহেব সরদার ও সেঝো ভাই উজ্জ্বল সরদার জীবিত আছেন। সাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানিয়েছে, ঘটনাটি জানার পর নিহতদের পরিচয় ও অন্যান্য বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার ওই আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত সাত বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। হোটেলটিতে প্রায় ২৫ জন বাংলাদেশি অবস্থান করছিলেন বলে জানা গেছে। নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্য রয়েছেন।