কৃষক হত্যায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

প্রকাশিত: August 20, 2026

  • শেয়ার করুন

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং ইউনুচ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের বাসিন্দা।

 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

 

মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ আগস্ট ইউনুচ আলী ও তাঁর ছেলে আল-আমিন পাটোয়ারীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

 

পরবর্তীতে বিচারিক প্রক্রিয়া শুরু হলে মাত্র সাত কার্যদিবসে সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আসামি আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

আইনজীবী আকিদুল ইসলাম আরও বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা এ রায়ে সন্তুষ্ট।

  • শেয়ার করুন