প্রাইভেট কারে ছাগল চুরির সময় স্থানীয়দের হাতে আটক ৩, পুলিশে সোপর্দ

প্রকাশিত: August 22, 2026

  • শেয়ার করুন
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাইভেট কারে করে ছাগল চুরির সময় ৩ জনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় ছাগল উদ্ধারসহ প্রাইভেট কার জব্দ করা হয়।

আটকরা হলেন— যশোরের শার্শা থানার কেরালখালী গ্রামের হেলাল উদ্দিন (৩৫), সুফিয়া খাতুন (৫৫) এবং ওমর ফারুক (৭)। তারা সম্পর্কে মা-ছেলে ও নাতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা ফাঁকা থাকায় খাসি ছাগল প্রাইভেট কারে তোলে চক্রটি।

এরপর ইকড়া গ্রাম থেকে দ্বিতীয় ছাগলটি গাড়িতে ওঠানোর সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ সময় স্থানীয়রা একত্রিত হয়ে গাড়িটির গতিরোধ করে তাদের অবরুদ্ধ করে রাখে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির এএসআই মো. সমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তিনজনকে আটকসহ প্রাইভেট কারটি জব্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চুরির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
 

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ রহমান জানান, চুরির সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ তাদের হেফাজতে নেয় এবং চুরি ছাগলসহ ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে।

  • শেয়ার করুন