প্রকাশিত: August 24, 2026
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় পলাতক ক্রেন চালক ড্রাইভার শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে বন্দরটিলা নেভী হাসপাতাল গেটের দক্ষিণ পাশে হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
এ দিন সকালে ভাড়া বাসা থেকে পাঠাও মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষার কেন্দ্র হাজী মুহাম্মদ মহসিন কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন নাফিসা। এ সময় একটি ভ্যান গাড়িকে সাইড দেওয়ার সময় পাঠাও মোটরসাইকেল থেকে নাফিসা রাস্তায় পড়ে যান। ক্রেনের চালক শামীম বিশ্বাস দ্রুত ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল থেকে পড়ে থাকা নাফিসাকে চাপা দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন নাফিসাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবারও চট্টগ্রামে জাহাজভাঙা ইয়ার্ডে শ্রমিকের মৃত্যু
নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, পলাতক ক্রেনের চালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহত শিক্ষার্থী নাফিসা নাওয়ালের বাবা মামুন বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেফাজ উদ্দিনের নেতৃত্বে ২৩ আগস্ট রাতে ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে ক্রেনচালক শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শামীম বিশ্বাস বরিশাল জেলার শ্রীপুর থানার বরিশাট এলাকার বাসিন্দা।