মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’

প্রকাশিত: August 25, 2026

  • শেয়ার করুন

তথ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিগত সরকার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করার সময় এক সাংবাদিক আন্দালিভ রহমান পার্থকে শেখ হাসিনার ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করেন। জবাবে তথ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়।’ প্রশ্ন করার ক্ষেত্রে ওই সাংবাদিককে আরও পেশাদার হওয়ার পরামর্শও দেন তিনি।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে জানতে চান। প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন ‘পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি শরীফ ওসমান হাদির খুনিদেরও ফেরত দেয়ার জন্য বলেছে। কোনো আপডেট আছে কি না? কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?’

 

এর জবাবে আন্দালিভ রহমান পার্থ বলেন,‘আমি আগেও বলেছিলাম, আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে। তার আত্মীয় হিসেবে নয়। আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।’

 

এ সময় উপদেষ্টা জাহেদ উর রহমানও সাংবাদিকের উদ্দেশে পার্থর পারিবারিক ও রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনি তো উনার বহুবছরের একটা…উনি কার সাথে ছিলেন, কী করেছেন, খুবই ক্লিয়ারলি এক্সপোজড। ইজন্ট ইট?’

  • শেয়ার করুন