তিন দিন ধরে সমুদ্রে ভাসছিলেন ১৬ জেলে, ছুটে গেল নৌবাহিনী

প্রকাশিত: August 25, 2026

  • শেয়ার করুন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে আরও বলা হয়, সোমবার (২৪ আগস্ট) বঙ্গোপসাগরে টহল কার্যক্রম পরিচালনার সময় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ মোংলা ফেয়ারওয়ে বয়ের নিকট হতে ভাসমান অবস্থায় থাকা মাছ ধরার বোট ‘এফবি আল আমিন’ এবং ১৬ জন জেলেকে উদ্ধার করে।

 

আইএসপিআর জানায়, রোববার রাতে বঙ্গোপসাগরে টহলকালে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকার বিষয়ে তথ্য পায় নৌবাহিনীর জাহাজ কপোতাক্ষ। এ প্রেক্ষিতে রাতের আঁধারেই উদ্ধার কার্যক্রম শুরু করে নৌবাহিনীর জাহাজটি।

 

পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেই মৎস্য বোটটিকে মোংলা ফেয়ারওয়ের সন্নিকটে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক নৌবাহিনী জাহাজটি ঘটনাস্থলে পৌঁছায়। পরে ইঞ্জিন বিকল হওয়া মাছ ধরার বোট থেকে ১৬ জন জেলেকে উদ্ধার করে।

 

এ সময় নৌবাহিনীর সদস্যরা জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। উদ্ধার হওয়া জেলেদের সূত্রে জানা যায়, ১৯ আগস্ট বাগেরহাটের শরনখোলা এলাকা থেকে তারা মাছ ধরার উদ্দেশ্যে বোটযোগে সমুদ্রে গমন করে।

 

দুদিন পর বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং গত তিনদিন ধরে  সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে, সাগরের উত্তাল ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনীর জাহাজ বোটটিকে টোয়িং করে সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্টে নিরাপদে নিয়ে আসে এবং বোটসহ জেলেদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।

 

উল্লেখ্য, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দেওয়া নৌবাহিনীর দায়িত্বশীলতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

 

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।

 

  • শেয়ার করুন