প্রকাশিত: August 27, 2026
নাটোরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পায়ুপথে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ ৫ জনকে আটক করেছে র্যাব-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল। বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন বাজার এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালায় র্যাব। তল্লাশির একপর্যায়ে আটক ব্যক্তিদের দেহে বিশেষ কায়দায় লুকানো মাদকের সন্ধান মেলে। পরবর্তীতে তাদের পায়ুপথে কনডমের ভেতরে নিখুঁতভাবে লুকানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই হেরোইনের চালানটি কুষ্টিয়া থেকে জয়পুরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটক ব্যক্তিদের মধ্যে মিন্টু (৪৫) জয়পুরহাটের পাঁচবিবি থানার রতনপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে। র্যাবের তথ্যমতে, তিনি মাদকের ক্রেতা। অপরজন শাকিবুর (৩৮), রাজশাহীর গোদাগাড়ী থানার মৈশালবাড়ি গ্রামের আখতারের ছেলে। তিনি মাদকের বিক্রেতা হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছেন। এ সময় তাদের আরও তিন সহযোগীকেও আটক করা হয়। আটক পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।