প্রকাশিত: August 27, 2026
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ীর ক্লাব মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে ওই ঝুটের গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তাদের চেষ্টা ব্যর্থ হয়।
পরে খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।