গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

প্রকাশিত: September 3, 2026

  • শেয়ার করুন

গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলআরোহী ও মাইক্রোবাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দুঘর্টনাদুটি ঘটে।

 

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে জেলার সাদুল্লাপুরে ছেলেকে মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে গিয়ে বাসের ধাক্কায় গোলাম রব্বানী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর এলাকার বাসিন্দা গোলাম রব্বানী তার শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে সাদুল্লাপুরে যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা থেকে আসা ফাতেমা পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে যায়। এতে ঘটনাস্থলেই গোলাম রব্বানী নিহত হন। মোটরসাইকেলের অপর যাত্রী তার ছেলে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত গোলাম রব্বানী সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাব বিভাগে কর্মরত ছিলেন।

 

অন্যদিকে সকাল ১০টার দিকে জেলার পলাশবাড়ী উপজেলার সাকোয়া সেতু-সংলগ্ন মাঝিপাড়া এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসচালক মাসুদ রানা নিহত হয়েছেন।

 

স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে আল হামরা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি সাকোয়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওষুধ কোম্পানির মাইক্রোবাসচালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাসের অপর এক যাত্রী আহত হয়েছেন।

 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

  • শেয়ার করুন