প্রকাশিত: September 7, 2026
ঢাকার সাভার আমিনবাজারে পুলিশের এসবি শাখার এসআই আলতাফ হোসেন (৫৮) হত্যাকান্ডে এজাহারনামীয় ৪ অভিযুক্তকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা। রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হচ্ছেন- আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০) ও ইমরান (২৬)। এদের সকলের বাড়ি সাভারের আমিনবাজার এলাকায়।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা.আসাদুজ্জামান। তিনি জানান, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৭ টার দিকে র্যাবের একটি চৌকস টিম মুন্সিগঞ্জ সদর উপজেলায় লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এসময় হত্যাকান্ডের সঙ্গে জড়িত এজাহারনামীয় ওই ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারদের মধ্যে আপন সাভার থানার ৩ টি মাদক মামলার আসামি।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টা থেকে ১১ টার মধ্যে আমিনবাজারের বরদেশী এলাকায় একটি প্রাইভেটকারের চালক এবং তার কয়েকজন সহযোগী কর্তৃক একজন অটোরিকশা গ্যারেজের মালিককে মারধর করার প্রতিবাদ করাকে কেন্দ্র করে এসআই আলতাফ হোসেন হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।