প্রকাশিত: September 8, 2026
পাবনা শহরে মন্দির ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে প্রান্থ কুমার দাস (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে অবস্থিত পাবনা ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে। চ্যানেলপ্যাক সাবস্ক্রাইব
আটক প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নওগাঁ জেলার আত্রাই থানার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মণ্ডলের ছেলে।
মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মন্দির খোলার পর সেখানে প্রবেশ করেন প্রান্থ। একপর্যায়ে তিনি মন্দিরের বিভিন্ন স্থাপনা ও প্রতিমা ভাঙচুর শুরু করেন। বিষয়টি মন্দির কর্তৃপক্ষের নজরে এলে তারা তাকে ঘটনাস্থলেই আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, পরে প্রান্থ কুমার দাসকে এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রান্থ মানসিকভাবে অসুস্থ ছিলেন। মন্দিরে প্রবেশের পর তার মানসিক সমস্যার কারণে তিনি ভাঙচুর শুরু করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মন্দির কর্তৃপক্ষ তাকে কিছু সময় আটক করে রাখার পর পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।