চবিতে ব্যানার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু

প্রকাশিত: September 9, 2026

  • শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

মৃত আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভাগের ব্যানার লাগানোর জন্য আরিফুল শহীদ আব্দুর রব হলের প্রধান ফটকের ওপরে উঠেছিলেন। সেখানে উঠার পর তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। মূল সুইচ বন্ধ করার আগেই তিনি জ্ঞান হারিয়ে ফটকের ভেতরে থাকা একটি ছোট দোকানঘরের ছাদে পড়ে যান।

পরে মূল সুইচ বন্ধ করে তাকে ছাদ থেকে নামিয়ে দ্রুত ই-কারযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী তন্ময় রায় বলেন, ‘আরিফুল তাদের বিভাগের ব্যানার লাগানোর জন্য রব হলের মেইন গেটের ওপরে উঠছিল। ওপরে ওঠার পরই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মেইন সুইচ বন্ধ করার আগেই সে অজ্ঞান হয়ে গেটের ভেতরে থাকা একটি ছোট দোকানঘরের ছাদে পড়ে যায়। পুরো ঘটনাটি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে।’

চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে দিকে রওনা হই, ওর বাবা মাকে জানানো হয়েছে। তারা খাগড়াছড়ি থেকে আসছেন।

চবি মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছিলেন একজন শিক্ষার্থী। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল।’

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী বলেন, ‘তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়। এরপর তাকে এভারকেয়ার হসপাতালে নেয়া হয়। মৃত্যু সম্ভবত স্পটেই হয়েছিল।’

  • শেয়ার করুন