প্রকাশিত: September 9, 2026
সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহা থেকে কয়লা আনতে গিয়ে গুহার মাটিচাপায় ইউনুস আলী (২২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইউনুস উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালঘাট গ্রামের সমির উদ্দিনের ছেলে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্ত এলাকার ওপারে ভারতের গারো পাহাড়ের চোরাই কয়লার গুহায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী ভারতীয় চোরাই কয়লা ব্যবসায়ী সিন্ডিকেট সীমান্তের হতদরিদ্র শ্রমজীবী মানুষদেরকে প্রলোভন দেখিয়ে কিশোর ও যুবকদের সীমান্তের কাটাতারের বেড়া সংলগ্ন ছোট ছোট সুরঙ্গ পথে অবৈধভাবে ভারতের কয়লার গুহায় পাঠায়।
এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ১০/১৫ জনের একটি কয়লা শ্রমিকের দল সুরঙ্গ পথ দিয়ে চোরাই কয়লা আনতে ভারতের কয়লা গুহার যায়। এ সময় কয়লার বস্তা নিয়ে গুহার ভেতর থেকে বেরিয়ে আসার পথে মাটি ধসে ইউনুস আলীর উপরে পড়লে সে মাটির নিচে চাপা পড়ে।পরে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা গুহার থেকে বেরিয়ে এসে ইউনুস আলীর বাড়িতে খবর দিলে এলাকাবাসীর সহযোগিতায় পরিবারের লোকজন দুপুর ১টার দিকে ইউনুস আলীর মরদেহ গুহার ভেতর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। মরদের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সুনামগঞ্জ ২৮ ব্যাটানিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, নিহত ব্যক্তির সঙ্গে থাকা অন্য বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত নাম ও ঠিকানা সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।