প্রকাশিত: September 13, 2026
রাজশাহীর বাঘায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মোছা. রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের রোজিনা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে রোববার রোজিনাকে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ জানায়, বাড়িটির একটি শয়নকক্ষে খাটের নিচে তল্লাশি চালিয়ে দুটি সচল পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড পিস্তলের তাজা গুলি পাওয়া যায়।
জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে রোজিনা তাঁর স্বামী রুবেল হোসেনের পরিচয় ও ঠিকানা জানিয়েছেন। পুলিশ আরও জানায়, আওয়ামী লীগ সরকারের শেষ দিকে প্রায় ছয় মাস ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রুবেল।
ডিবির দাবি, ওই সময় রুবেল এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।
পুলিশের প্রাথমিক ধারণা, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রুবেল হোসেন অস্ত্রগুলো সংরক্ষণ করে থাকতে পারেন। তবে উদ্ধার হওয়া অস্ত্রের মালিকানা ও এগুলো কোথায় বা কী কাজে ব্যবহার করা হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসান জানান, পলাতক রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আটক রোজিনা খাতুনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।