প্রকাশিত: September 15, 2026
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘পদ্মা এক্সপ্রেস’ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলার দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেসের বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বাসটির সামনে থাকা একটি গাড়ি হঠাৎ থেমে গেলে, সেটিকে বাঁচাতে বাসচালক আকস্মিকভাবে ব্রেক করেন। এতে পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। পরে বাসে থাকা ১৫ জন যাত্রী নিরাপদে বের হতে সফল হন।
ইলিয়টগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা হৃদয় বলেন, সামনের গাড়িকে বাঁচাতে বাসটি হঠাৎ ব্রেক করে। তখন পেছন থেকে আসা একটি গাড়ি বাসটিকে ধাক্কা দেয়। পরে বাসটি খাদে পড়ে যায়। তবে বাসের যাত্রীদের কেউ আহত হননি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফারুক ইসলাম বলেন, আমাদের থানার সামনেই দুর্ঘটনাটি ঘটেছে। এতে মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে। বাসে থাকা কেউ আহত হননি। দুর্ঘটনার পর চালক ভয়ে পালিয়ে গিয়ে থাকতে পারেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করছে।