চাঁদপুরে ২৫ মামলার আসামি ‘মাদক সম্রাট’ সুমন গ্রেপ্তার

প্রকাশিত: September 15, 2026

  • শেয়ার করুন

চাঁদপুরের মতলব দক্ষিণে ২৫ মামলার আসামি মো. সুমন প্রধান (৩০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার করা আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মতলব দক্ষিণ থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।

 

এলাকাবাসী ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ‘মাদক সম্রাট’ সুমন প্রধানকে মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া এলাকায় তার বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। সুমন প্রধান দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। তিনি পালিয়ে পালিয়ে থাকতেন। অভিযুক্ত সুমনের বিরুদ্ধে পূর্বে ২৫টি মামলা রয়েছে।

 

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, ৩টি সাজা জিআর পরোয়ানা ও ১টি জিআর পরোয়ানামূলে সুমন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। আসামিকে গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

  • শেয়ার করুন