পণ্যের মেয়াদ ও মূল্যতালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: September 15, 2026

  • শেয়ার করুন

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিরাজদিখান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে তালুকদার ফুডস বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া এসব পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছিল না। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া রাম কৃষ্ণ ভান্ডারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক রাম কৃষ্ণ দাসকে ৫ হাজার টাকা এবং মাহিয়া ফাতিহা ফল স্টোরে ফলের মূল্যতালিকা প্রদর্শন না করায় মালিক সিজান মাহমুদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযান পরিচালনা করেন। এতে কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

  • শেয়ার করুন