প্রকাশিত: September 15, 2026
নীলফামারীর সৈয়দপুরে এক তরুণীর ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর শহরের সাহেবপাড়া লিচু বাগান এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কামাল হোসেনের ছোট ছেলে সুজন মিয়া (২৫), মেজো ছেলে শাকির রানা (৩০) ও শাকির রানার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫)।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা গেছে, সুজন মিয়া ওই তরুণীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে বিভিন্নভাবে প্ররোচিত করে গোপনে তাকে বিয়ে করেন তিনি।
পরে বিষয়টি তরুণীর পরিবার জানতে পারে। এ নিয়ে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এরই অংশ হিসেবে সুজনের পরিবারের লোকজন তরুণীকে দেখতে তাদের বাড়িতে যান এবং তার ছবি তুলে নিয়ে আসেন।
অভিযোগ রয়েছে, পরে ওই ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন আসামিরা।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা সালাম রেজা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, তরুণীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের ১৯(ক)/২৫/২৭ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি নম্বর ৭। সোমবার দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।