সন্ত্রাসবিরোধী মামলায় যে শর্তে জামিন পেল সেই স্কুলছাত্র

প্রকাশিত: September 15, 2026

  • শেয়ার করুন

লক্ষ্মীপুরের রামগতিতে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি স্কুলছাত্র মো. আল-আমিনকে জামিন দিয়েছেন আদালত। সপ্তাহের প্রতি সোমবার আদালতে উপস্থিত হওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করা হয়।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদেকুর রহমান এ জামিন মঞ্জুর করেন। এর আগে একই মামলায় একই আদালত থেকে একই শর্তে জামিন পাওয়া মো. রিমনকে আদালতে উপস্থিত থাকতে দেখা গেছে। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রব সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জামিনপ্রাপ্ত আল-আমিন রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের বাসিন্দা মো. শাহীনের ছেলে এবং উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক শাখার ছাত্র।

আইনজীবী আব্দুর রব সুমন বলেন, আল-আমিন রামগতি থানার সন্ত্রাসবিরোধী মামলার ১১ নম্বর আসামি। সে স্কুলছাত্র। আজ ক্লাস না করেই সে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। সপ্তাহের প্রতি সোমবার আদালতে উপস্থিত থাকার শর্তে বিচারক তার জামিন মঞ্জুর করেছেন।

 

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট একই মামলার আসামি দশম শ্রেণির ছাত্র মো. রিমন বাচ্চুকে প্রতি সোমবার আদালতে উপস্থিত থাকার শর্তে জামিন দেন একই আদালত। রিমন রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে এবং রামগতি উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র।

 

মামলা সূত্রে জানা যায়, ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়। এ সময় তারা ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে জননিরাপত্তা বিপন্ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ঝটিকা মিছিল করে। তারা তাদের কার্যক্রম বিভিন্ন মাধ্যমে প্রচারের জন্য ভিডিও ধারণ করে।

 

এ ঘটনায় ৪ জুন রামগতি থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে রিমনসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

  • শেয়ার করুন