শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, জামায়াত নেতা গ্রেপ্তার

প্রকাশিত: September 20, 2026

  • শেয়ার করুন

নোয়াখালীর বেগমগঞ্জে ১৩ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মো. আলমগীর (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বলে জানা গেছে। শনিবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান।

জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা সম্প্রতি বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের হাসানহাট বাজারের একটি ওষুধের দোকানে শিশুটিকে পেয়ে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করেন আলমগীর।

ঘটনার কথা কাউকে না জানাতে শিশুটিকে হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে শিশুটির শরীরে তীব্র ব্যথা অনুভূত হলে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি পুরো ঘটনার বিস্তারিত স্বজনদের কাছে জানায়। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী শিশুর কথিত স্বীকারোক্তিমূলক ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

অন্যদিকে, ঘটনাটিকে ‘সাজানো নাটক’ বলে দাবি করেছেন বেগমগঞ্জ জামায়াতে ইসলামীর আমির মো. আবু জায়েদ। তিনি বলেন, ‘এটা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আলমগীর দুদিন আগে ইউপি নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। এরপরই এসব মিথ্যা নাটক সাজানো হয়েছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই।’

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, শিশু নির্যাতনের লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

  • শেয়ার করুন