ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট

প্রকাশিত: September 21, 2026

  • শেয়ার করুন

ঢাকার ধামরাইয়ে একটি চীনা মালিকানাধীন ব্যাটারি প্রস্তুতকারক কারখানার কর্মকর্তাকে জিম্মি করে নগদ ৭০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় অবস্থিত ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লি.’ নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে তিনজনের একটি সংবদ্ধ দুর্বৃত্ত দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইর শয়নকক্ষে ঢুকে তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। একপর্যায়ে গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে লকারে সংরক্ষিত নগদ ৭০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দুপুরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • শেয়ার করুন