প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানো সেই এনসিপি নেতার পদ স্থগিত

প্রকাশিত: September 21, 2026

  • শেয়ার করুন

নৈতিক স্খলনের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তির পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহরাস্তির পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের ভয়াবহ অভিযোগ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে তার সব পদ স্থগিত করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠে এনসিপি শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইন প্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে চলে যান।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে রহমত উল্লাহ ও ওই নারীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে তারা অবগত ছিলেন। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হওয়ার পর শনিবার রাতে তারা দুজন একসঙ্গে চলে যান। এরপর থেকে তাদের মুঠোফোন বন্ধ রয়েছে। ঘটনার পর পরিবারের সদস্যরা তাদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং প্রবাসীর দুই শিশু কন্যা পরিবারের সঙ্গে শাহরাস্তি থানায় উপস্থিত হন।

প্রবাসীর ভগ্নিপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ‘তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের বিষয়টি আমাদের নজরে আসে। পরে পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে তারা দুজন চলে যান।’

এদিকে অভিযোগকারী হারুনুর রশিদ দাবি করেন, তার পুত্রবধূ বাড়ি থেকে যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

  • শেয়ার করুন