প্রকাশিত: September 21, 2026
খুলনার পাইকগাছায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় এক হাজার রোগীর চোখ পরীক্ষা করেন। তাদের মধ্য থেকে ৮০ জনকে ছানি অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়। অন্য রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়।
এ সময় খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ আয়োজন। চোখের চিকিৎসা থেকে যেন কেউ বঞ্চিত না হন, সে লক্ষ্যেই তিনি ও দলের নেতাকর্মীরা কাজ করবেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। হাসপাতাল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং মসজিদ, মাদরাসা, মন্দির ও গির্জাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাম্পের সভাপতিত্ব করেন সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এস এম এনামুল হক। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বাছাই করা রোগীদের বিদেশি লেন্স দিয়ে ছানি অস্ত্রোপচার করা হবে। তাদের এক মাসের ওষুধ, চশমা, যাতায়াত এবং থাকা-খাওয়ার খরচও বিনামূল্যে দেওয়া হবে।
চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম শেষে সোলাদানা ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন বাপ্পী। শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরেন। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।