ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের দায়ে ১০ জনকে জরিমানা

প্রকাশিত: September 22, 2026

  • শেয়ার করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের দায়ে ১০ জনকে আটক করে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে আদালত তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় হাতেনাতে মাদকসেবনরত অবস্থায় ১০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হলে বিচারক তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের সদর এলাকার রেজাউল (২২) ও শিপন (২৪), সদরের পূর্বপাড়া এলাকার মেহেদী হাসান রানা (২৫), শশীদল ইউনিয়নের গঙ্গানগর এলাকার সাব্বির হাসান (২৪), আব্দুল করিম (২৫), শাকিল (২২) ও সাগর (২৪), মাধবপুর ইউনিয়নের দধিখলা এলাকার লিটন (৩৩) এবং পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার জগতপুর এলাকার বাসিন্দা সাইফুল (১৮) ও শাকিব (৩৩)।

অভিযান পরিচালনায় যুক্ত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য, রূপম কুমার সরকার, মো. শামীম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদকের বিরুদ্ধে থানা-পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত পরিবেশ গঠনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

  • শেয়ার করুন