ঘুষের দুই লাখ টাকাসহ হাতেনাতে আটক সাবরেজিস্ট্রার ও দুই সহযোগী

প্রকাশিত: September 22, 2026

  • শেয়ার করুন

চট্টগ্রাম দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার, হেড ক্লার্ক ও এক উমেদারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে রাখা হয়।

পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন ওই আইনজীবী। এ ঘটনায় প্রথমে দুদকের হটলাইন ১০৬-এ কল দিয়ে অভিযোগ করেন তিনি। পরে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন।

অভিযোগের পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ট্র্যাপ অভিযান পরিচালনা করে দুদক। এ সময় দুই লাখ টাকা ঘুষ গ্রহণকালে সাব-রেজিস্ট্রার তাদের আটক করা হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ কালবেলাকে বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে

  • শেয়ার করুন