দলীয় শৃঙ্খলা অমান্য করায় ছাত্রদল নেত্রীকে শোকজ

প্রকাশিত: September 26, 2026

  • শেয়ার করুন

দলীয় শৃঙ্খলা অমান্য করায় ফেনী কলেজ ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক চুমকি আক্তারকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে দলটি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এ নির্দেশ দেন। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন দলীয় প্যাডে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফেনী সরকারি কলেজ শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন কালবেলাকে বলেন, দলীয় পদে থেকে গঠনতন্ত্রবিরোধী আচরণ করলেই শাস্তি পেতে হবে।

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনী জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজী কালবেলাকে বলেন, ‘ছোট্ট একটি মেয়ের মহিলা দল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ছাত্রদল যদি তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে মহিলা দলকে হেয়প্রতিপন্ন করার শামিল হবে। আমি মহিলা দলের পক্ষ থেকে তার স্থায়ী বহিষ্কার দাবী করছি।’

উল্লেখ্য, এর আগে চুমকি আক্তার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি ও হেনস্তামূলক বক্তব্য দেন বলে অভিযোগ উঠেছে। সেই লাইভে তার পাঁচ বছর বয়সী সন্তানকে অপহরণের অভিযোগ তোলা হয়। এছাড়া সন্তান অপহরণের ঘটনায় মামলা করা ও তিনি আত্মহত্যা করলে সংশ্লিষ্ট সাংবাদিকদের দায়ী করার কথাও বলা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

  • শেয়ার করুন