১০০ টাকার ঘুষে খুশি নন অফিস সহকারী, তার লাগবে আরও ১০০

প্রকাশিত: September 26, 2026

  • শেয়ার করুন

নোটিশ জারির জন্য সেবা নিতে যাওয়া এক ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা ঘুষ নিয়েও সন্তুষ্ট নন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলাম। আরও ১০০ টাকা দাবি করেন তিনি। টাকা না দিলে ফাইল খালে ফেলে দেয়ারও হুমকি দেন তিনি।

ঘুষ লেনদেনের এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার আগেই ওই অফিস সহকারীকে অন্য একটি কার্যালয়ে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অফিস সহকারী রেজাউল ইসলামের হাতে ১০০ টাকার একটি নোট। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘একটা নোটিশ জারি করতে ১৪০ টাকা খরচ হয়। আপনারা কি নোটিশের জন্য টাকা জমা দেন? আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে আপনার নোটিশ আসলে জোড়াটা ওই ক্যানালে ফেলে দিয়ে আসব। তারপরে গিয়ে বলেন, আমার নোটিশ পাইনি।’

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘একটা নোটিশ জারি করতে ৪০-৪০, আশি টাকা; আবার এখন গদ লিখে ফেরত দিতে হবে ৪০ টাকা। ১২০ টাকা তো খরচই হয়। আর আপনি দিয়ে যাচ্ছেন (১০০ টাকা), আবার আজেবাজে কথা বলছেন যে, এই বাবদে আপনারা খরচ পান। কিডা আমাদের খরচ দেয়?’

এ সময় সেবাগ্রহীতা জানতে চান, ‘আমাদের কি এই টাকা দেয়ার নিয়ম আছে?’

জবাবে রেজাউল ইসলাম বলেন, ‘ওইটা এসিল্যান্ডকে গিয়ে বলেন, নোটিশ জারির জন্য গাড়ি ভাড়া চাই।’

স্থানীয় সেবাগ্রহিতাদের অভিযোগ, জমি-সংক্রান্ত নামজারি, জমাভাগ, খাজনা পরিশোধ কিংবা নোটিশ জারির মতো সাধারণ সেবা নিতে ভূমি কার্যালয়ে গেলে রেজাউল ইসলাম অতিরিক্ত টাকা দাবি করতেন। টাকা না দিলে ফাইল আটকে রেখে সেবাগ্রহীতাদের হয়রানি ও ভোগান্তিতে ফেলতেন বলেও অভিযোগ তাদের।

অভিযোগের বিষয়ে অফিস সহকারী রেজাউল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমার ভুল হয়েছে। শাস্তি হিসেবে স্যারেরা বদলি করেছেন। আমি আর এমন করব না।’

কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, ‘বিষয়টি নজরে আসার পর ওই অফিস সহকারীকে বদলি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিনিয়র স্যারেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

  • শেয়ার করুন